১১-১৯ অক্টোবর সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি স্টেশনগুলো আবার ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে- আগামী ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে।
রেলভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে মহাসড়ক সংলগ্ন বাজারগুলো কোরবানির পশুরহাটের জন্য ইজারা না দেয়ার সিদ্ধান্তও হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সড়কের পাশে গরুর হাট বসানোর ফলে হাট অধিকাংশ ক্ষেত্রে সড়কের ওপর চলে আসে।
“আগামী ঈদে সড়কের পাশের খালি জায়গায় গরুর হাট বসাতে ইজারা না দেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
যোগাযোগমন্ত্রী বলেন, আসন্ন ঈদ ও পূজার আগেই সব জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক মেরামত করে যান চলাচলের সম্পূর্ণ উপযোগী রাখা হবে।
এজন্য সড়ক বিভাগ ২১টি মনিটরিং টিম গঠন করেছে বলে তিনি জানান।
সভায় অংশ নেয়া রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদ উপলক্ষে সাতটি স্পেশাল ট্রেন বিভিন্ন রুটে চলাচল কবে। এছাড়াও ১১২টি কোচ বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।
বাস টার্মিনাল ও সড়কে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানান বৈঠকে থাকা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
“মানুষের যাতায়াত নির্বঘ্ন করার জন্য সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলমপার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
নৌ-পথে অনুরূপ অপরাধ রোধে কোস্টগার্ড ও নৌ-পুলিশ মোতায়েন করা হবে বলে জানান নৌমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ফেরিঘাটে গাড়ি পারাপার নির্বিঘ্ন করতে পর্যাপ্ত সংখ্যক ফেরি চালু রাখার ব্যবস্থা নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
