বাগেরহাটে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
বাগেরহাটের কচুয়া উপজেলায় জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার ভোররাতে সোনাকুড় ও কামারগাঁতি গ্রাম থেকে আটকরা হলেন কচুয়ার ধোপাখালী ইউনিয়ন জামায়াতের আমির আবতাব উদ্দিন (৫০) এবং মঘিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমির আলী আকবর (৫১)।
বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামে আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ জুলাই সদরের বারুইপাড়া গ্রামে আওয়ামী লীগ ও জামায়াতের সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ওই ঘটনায় বাগেরহাট মডেল থানায় অজ্ঞাত পরিচয় তিন থেকে চারশ’ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
