সিলেটে চলছে বামদলগুলোর হরতাল
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বাম দলগুলোর আধাবেলার হরতাল চলছে শান্তিপূর্ণভাবে।
হরতাল সমর্থক সিপিবি-বাসদ নেতাকর্মীরা সোমবার সকাল সাড়ে ৮ টায় নগরীর জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট এলাকা পর্যন্ত একটি মিছিল করে।
মিছিলের আগে জিন্দাবাজারে একটি সমাবেশও করেন তারা। এ সময় ছাত্রলীগের ওই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বাম নেতারা।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে থাকেন হরতাল সমর্থকরা।
নগরীর বন্দরবাজার ও ক্বীনব্রিজ পয়েন্টে বিক্ষিপ্ত পিকেটিং করছে হরতালকারীরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিোর ডটকমকে জানান, হরতালে কোথাও বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
নগরবাসীর নিরাপত্তায় সবগুলো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। আরো রয়েছে র্যাব ও বিজিবির টহল।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে দুরপাল্লার কোন বাস চাড়েনি। তবে যথাসময়ে ছেড়েছে ট্রেন।
হরতালের মধ্যে নগরীতে রিকশা ও অটো রিকশা চললেও বন্ধ রয়েছে ভারী যানবাহন। প্রধান সড়কগুলোতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ দেখা গেছে।
গত রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের জনসভা চলাকালে সশস্ত্র ছাত্রলীগকর্মীরা সেখানে হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হন।
ওই হামলার পর তাৎক্ষণিকভাবে সোমবার সিলেটে এই হরতালের ডাক দেয় সিপিবি ও বাসদ।
হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা শাখা বিলুপ্ত করা হয়।
