২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, ৫ পুলিশ আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

পুলিশ জানায়, রোববার ভোরে গ্রেপ্তার জলদস্যু বাহিনী প্রধান হক সাবকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম, উপ-পরিদর্শক(এসআই) রবিউল হক, কনস্টেবল রবিউল হক ও শামীম ভূঞা।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার হক সাবকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে জলদস্যু বাহিনী প্রধান হক সাবকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর তাকে নোয়াখালী এনে জিজ্ঞাসাবাদের পর রোববার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য কবিরহাট থানার রামদি নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে অস্ত্র উদ্ধার করে ফিরে আসার সময় বসুরহাট-সোনাপুর সড়কের গৈরার দিঘি এলাকায় হক সাবের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এ সময় পুলিশ পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে হকসাবের সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেপ্তার হকসাবের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি ও অস্ত্র আইনের ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোযানা রয়েছে বলে জানান ওসি। হক সাব রামদি গ্রামের শামসুল হকের ছেলে।