বিদ্যুৎ বিপর্যয়ে ভোলার অধিকাংশ এলাকা অন্ধকারে
নদীর তলদেশের সংযোগ লাইনে বিপর্যয়ের কারণে ভোলার অধিকাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ভোলা ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় প্রতিদিন বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। সংযোগ লাইনে ত্রুটির কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
তিনি আরো জানান, শুক্রবার মধ্যরাতে ভোলা-বরিশাল গ্রিড সঞ্চালন লাইনের কালাবদর নদীর তলদেশের সংযোগ লাইনে ত্রুটি শুরু হলে ওই পথে আসা ১০ মেগাওয়াট বিদুৎ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই লাইনের মেরামত কাজ চলছে।
এছাড়া ভোলা-পটুয়াখালী গ্রিড সঞ্চালন লাইনের ওভার হেড অংশেও ব্যাপক বজ্রপাতের কারণে শুক্রবার রাত থেকে বিকল হয়ে যায়। ওই লাইনেও দুই মেগাওয়াট বিদ্যুৎ কম আসছে।
“সরবরাহের স্বল্পতার কারণে জেলার অধিকাংশ এলাকায়ই বিদ্যুৎবিহীন থাকছে। উপজেলা শহরগুলোতে দিনে মাত্র ২/৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে।”
জেলার লালমোহন, বোরহান উদ্দিন, দৌলতখান, তজুমদ্দিনসহ অধিকাংশ উপজেলা শহরগুলোতে শনিবার সারাদিন বিদ্যুৎবিহীন ছিলো বলে জানা গেছে।
পটুয়াখালী বিদ্যুত বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র দাস জানান, এখানে সাবমেরিন ক্যাবল থাকা জরুরি।
এদিকে চরফ্যাশনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ও একাধিক অনুষ্ঠান থাকায় দুপুর থেকে সেখানে সীমিত বিদ্যুৎ চালু রাখা হয়েছে।
ভোলা জেলার অভ্যন্তরে থাকা ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হওয়ার পর পটুয়াখালী ও বরিশাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়।
