২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ২

আশুলিয়ার চানগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 05:24 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শনিবার সকালে আশুলিয়ার ধনাইদ এলাকার দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

গুরুতর অবস্থায় আহত ফজলুর রহমান ও তার ভগ্নিপতি সামসুদ্দিন ম-লকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চানগাঁও এলাকায় জমি নিয়ে ফজলুর রহমানের সঙ্গে তার আপন চাচাতো ভাই ইদ্রিস ও আমির হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

বিরোধ মীমাংসার জন্য ফজলু তার ভগ্নিপতি সামসুদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ সরকারকে আনতে যাচ্ছিলেন।

সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তারা নরসিংহপুর-কাশিমপুর সড়কের ধনাইদ এলাকার নতুন মসজিদের সামনে পৌঁছলে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে বলে জানান এসআই রাকিবুল।

এ সময় প্রাইভেটকারে থাকা ইদ্রিস, আমির হোসেনসহ ৪ জন হামলা চালায় বলে পুলিশকে জানিয়েছে আহতরা।

এসআই জানান, তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

“এদের মধ্যে ফজলুর পিঠে ধারালো অস্ত্র ও বাম পায়ে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া হামলাকারীরা সামসুদ্দিনের ডান পায়ে কুপিয়েছে ও পিঠে গুলি করেছে।”

তাদের প্রথমে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এসআই রাকিবুল।

সামসুদ্দিন ম-লের স্ত্রী শাহনাজ বেগম বলেন, দীর্ঘ দিন ধরে তাদের ৪৭ শতাংশ জমি নিয়ে আপন চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছে। জমি নিয়ে আদালতে মামলা হলে আদালত তাদের পক্ষে রায় দেয়।

এরপরও তারা জমি দখলে নিতে নানা পাঁয়তারা শুরু করে। পরে বিষটি বিচার-সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছিল। এরমধ্যেই প্রতিপক্ষ এ হামলা করে বলে অভিযোগ করেন শাহনাজ বেগম।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।