‘সংসদের বাইরে আন্দোলন করে লাভ হবে না’
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সংসদের বাইরে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দাবি আদায় করা যাবে না।
শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদে আসুন। সংসদে আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করি। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান খুঁজে বের করি।”
এর আগে তিনি বিলগোবিন্দপুরে ডাঙ্গি ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান
দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন প্রমুখ।
এর আগে সংসদ উপনেতা সকালে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগরে তিন কিলোমিটার পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।
বিকেলে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সাত কিলোমিটার পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন।
