দিনাজপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অ্যাসিডে এক গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
শুক্রবার উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী আশিয়াকে (৩০) অ্যাসিড মারা হয়। এজন্য প্রতিবেশী রবেন পাউরিয়ার লোকজনকে দায়ী করেছেন মোস্তফা।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ না এলেও তারা ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
অ্যাসিডে ওই গৃহবধূর বাম হাত, ঘাড় ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানান বেসরকারি সংস্থা পল্লীশ্রীর প্রকল্প ব্যবস্থাপক শিখা রানী দত্ত।
গোলাম মোস্তফা বলেন, প্রায় দুই বছর ধরে প্রতিবেশী রবেন পাউরিয়ার সঙ্গে একটি জমি নিয়ে তাদের বিরোধ চলছে। দুপুরে স্ত্রীসহ তিনি জমিতে গেলে রবেন তার তিন ভাই জিসম পাউরিয়া, বুদু পাউরিয়া ও বেরন পাউরিয়াসহ ১০/১২ জন তাদের তাড়া করে। এক পর্যায়ে রবেন আশিয়ার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে।
খবর পেয়ে বেসরকারি সংস্থা পল্লীশ্রীর কর্মকর্তারা আশিয়াকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
পল্লীশ্রীর ‘আমাদের প্রকল্প’ শাখার ব্যবস্থাপক শিখা রানী দত্ত জানান, আশিয়াকে ঢাকায় অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন হাসপাতালে আনা হয়েছে।
