২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার চার দিন পর বরিশালের হিজলা উপজেলায় একটি ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 10:46 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনিভাঙ্গা গ্রাম থেকে আহসান খানের (৩৫) লাশ উদ্ধার হয়। তিনি ওই এলাকার মকবুল খানের ছেলে।

ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছোট ভাইয়ের শ্বশুরকে আটক করা হয়েছে।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহসানের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চার দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিখোঁজের দিনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, “পারিবারিক বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোটভাই মিনার খানের শ্বশুর বাবুল সিকদারকে (৫৫) আটক করা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।