২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাওদাকে ভয় দেখাতে চেয়েছিলেন রাসেল’

বরিশালে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাওদা হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

রাসেল পুলিশকে জানান, সাওদাকে ভয় দেখাতে দা দেখিয়েছিলেন তিনি। এ সময় মেয়েটি চিৎকার শুরু করায় তাকে কুপিয়ে জখম করেন।

শুক্রবার বিকালে নগরীর কালিবাড়ি রোড মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল নগরীতে ছুরিকাঘাতে খুন হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদা। ওই রাতেই ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেলকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সাওদার মা সাহেদা বেগম।

রাসেল ও সাওদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে কয়েকজন সহপাঠী জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে রাসেলকে বরিশাল নিয়ে আসে পুলিশ।

রাসেলের বরাত দিয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) সোয়েব আহম্মেদ বলেন, রাসেল মনে করেছিলেন অস্ত্র দেখালে সাওদা তাকে বিয়ে করতে রাজি হবেন। এজন্য সাড়ে ৩শ’ টাকা দিয়ে একটি দা কিনে আনেন তিনি।

ঘটনার দিন সকালে এক বান্ধবীর সঙ্গে ক্যাম্পাসের যাওয়ার পথে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় ‘সাওদার প্রেমিক’ রাসেল তার পথ রোধ করেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রাসেল দা কোপানোর ভয় দেখালে সাওদা তার সঙ্গে যেতে রাজি হন। তবে  জোর করে রিকশায় তোলার সয়ম মেয়েটি চিৎকার শুরু করলে রাসেল ক্ষিপ্ত হয়ে সাওদার মাথায় দা দিয়ে আঘাত করেন। রাস্তায় পড়ে যাওয়ার পরও সাওদার মাথায় উপর্যুপুরি কুপিয়ে জখম করেন রাসেল।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সাওদা ও রাসেল দুজনেরই বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। দুজনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।