পাঁচদিন পর লাশ ফেরত দিল বিএসএফ
পঞ্চগড় সদরের শিংরোড প্রধানপাড়া সীমান্ত থেকে নিয়ে যাওয়া লাশটি পাঁচদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে মনতাজুল ইসলামের (২৬) লাশ বিজিবি গ্রহণ করে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
গত রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভারতের ঝাকুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের ছোট যমুনা নদীর ব্রিজের নিচ থেকে মনতাজুলের লাশ নিয়ে যায়।
বিজিবির ডানাকাটা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের ৭৬৩ নম্বর মেইন পিলারের ১৭ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফের ঝাকুয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস ই রেজা বিজিবির ডানাকাটা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিমের কাছে মনতাজুলের লাশ হস্তান্তর করেন।
এ সময় বিজিবির শিংরোড ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জহিরুল হক, রতনীবাড়ি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত আলী, চাকলাহাট ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান, পঞ্চগড় থানার এস আই হারুন উর রশিদ হারুনসহ নিহত মনতাজুলের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এরপর ময়নাতদন্তের জন্য লাশ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবি কর্মকর্তা জানান।
সদর থানার এস আই হারুন-উর রশিদ হারুন জানান, ময়নাতদন্তের পর মনতাজুলের মৃতদেহ শুক্রবার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনতাজুলের স্বজনরা জানান, তিন দিন নিখোঁজ থাকার পর তারা রোববার শোনেন বিএসএফ ছোট যমুনা নদীর ব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার নিয়ে গেছে।
এরপর তারা বিজিবিকে বিষয়টি জানালে বিজিবি বিএসএফকে লাশ ফেরত দিতে বলে।
বিএসএফ তখন জানিয়েছিল- ওই লাশ ভারতের কেউ দাবি না করলে বাংলাদেশে ফেরত দেয়া হবে।
