২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার তালিকায়  ‘রাজাকার’

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন উপলক্ষে তৈরি খসড়া ভোটার তালিকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে এক ‘চিহ্নিত রাজাকারের’ নাম তালিকাভুক্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্তে দুই জন মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার জামতৈল গ্রামের প্রয়অথ আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালে পাশের বাঁশবাড়িয়া, কজিপুর, হায়দারপুর, গোপালপুরসহ বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ এবং জামতৈল, ধলেশ্বর, বেলাই, ঝাঐল, ভদ্রঘাটসহ বিভিন্ন গ্রামের বসতবাড়িতে লুটপাট করে।

“তিনি রাজাকারদের সহকারী কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন, যে কারণে স্বাধীনতার পর থেকেই আমিনুল ইসলাম নিজ এলাকা ছেড়ে অন্যস্থানে বসবাস করে আসছেন।”

মুক্তিযোদ্ধাদের খসড়া ভোটার তালিকায় আমিনুলের নাম (প্রকাশিত গেজেট নং ২৮৩৫, তারিখ ১১ অগাস্ট ২০১০) অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যাপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য বিদায়ী কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী।

ইউএনও আসিব আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তি কিভাবে তালিকাভুক্ত হয়েছেন তা মন্ত্রণালয়ের দেখার ব্যাপার।

“প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের কপি দ্রুত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”