রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন।
শুক্রবার বিজ্ঞান আন্দোলন মঞ্চ জেলা শাখা বাগেরহাট প্রেসক্লাবের সামনে একঘণ্টার এই মানববন্ধন করে।
মানববন্ধন থেকে আগামী ২৪-২৮ সেপ্টেম্বরের তেল,-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা লংমার্চ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়।
মানববন্ধনে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. মনিষা চক্রবর্ত্তী, বাগেরহাট জেলা আহ্বায়ক ও বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্র দীপ্ত ঘোষ, সুপ্রভাত হালদার, গৌতম দেবনাথ, সুমন সেন ও আলিমুজ্জামান বক্তব্য দেন।
রামপালের সাপমারি ও কাটাখালী এলাকায় সুন্দরবনের সাড়ে নয় কিলোমিটার দূরে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে দুটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। প্রায় এক হাজার তিনশ’ বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্যে এক হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণ করা হয়।
২০০৯ সালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিকে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় স্থানীয় মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশের পরিবেশবাদীরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।
