২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানী হত্যাকাণ্ড: ‘ভাল ফল আসতে পারে’

ফেলানী হত্যাকাণ্ডের বিষয়ে একটি ভাল ফল আসতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:29 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

এছাড়া সীমান্তে ড্রোন ব্যবহার ভারত সরকারের অফিসিয়াল সিদ্ধান্ত নয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপরে বেনাপোল কাস্টমস চেকপোস্ট ও ইমিগ্রেশন অফিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফেলানী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বিএসএফ প্রথম কোর্ট অফ ইনকোয়ারি করেছে। এটি আদালতের বিষয়। বাংলাদেশ রাষ্ট্রীয় পর্য়ায়ে এর ব্যাখ্যা চেয়েছে। আশা করি এর একটা ভাল ফল পাওয়া যাবে।”

কুড়িগ্রামের কিশোরী ফেলনী হত্যাকাণ্ডের বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে ‘নির্দোষ’ বলায় বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড সর্ম্পকে ভারতীয় হাইকমিশনার বলেন, “আমরা বন্ধুপ্রতিম দুইদেশ। সীমান্তে আমরা এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করি না। হত্যাকাণ্ডকে জিরো পর্যায়ে আনতে চাই।”

বিগত কয়েক বছরের তুলনায় সীমান্ত হত্যাকাণ্ড কমে এসেছে দাবি করে তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবি ও বিএসএফকে আরো দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান।

ড্রোন ব্যবহার বিষয়ে তিনি বলেন, উভয় সরকারের সিদ্ধান্ত ছাড়া এটা বাস্তবায়ন করা হবে না।

এর আগে বুধবার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেছিলেন, সীমান্তে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

এ নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বিজয় সিলভার্স, কাউন্সিলর চন্দ্রিমা রায় এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদীন আহমেদ প্রমুখ।

পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ড্রোন ওড়ানোর পরিকল্পনার খবর ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশের পর ঢাকার পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার প্রেক্ষাপটে তিনি একথা বলেন।

নৈশকালীন পাহারায় ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে বলে ভারতের একটি পত্রিকার রোববার খবর প্রকাশের পর বাংলাদেশের গণমাধ্যমে তা প্রকাশিত হয়।

ঢাকার পক্ষ থেকে সোমবার নয়াদিল্লির কাছে এ বিষয় ব্যাখ্যা চাওয়া হলেও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি।