২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুর ওপর হামলাকারীদের শাস্তি দাবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারীদের শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 11:06 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

লন্ডনে জাসদ সভাপতির ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটি।

সমাবেশে জাসদের কার‌্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল বলেন, “যুদ্ধাপরাধী ও তাদের বিচার যারা বানচাল করতে চায়, তারাই তথ্যমন্ত্রীর ওপর হামলার মূল পরিকল্পনাকারী।”

সহ সভাপতি শাহ জিকরুল আহমেদ বলেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ওপর হামলা চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছেন, তারা কখনোই সফল হবে না।

যারা ইনুর ওপর হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিউদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।