বিসিসির ৩৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৩৮১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৪১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার।
একই সঙ্গে বিগত অর্থ বছরে ব্যয় হওয়া ১২১ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ২৩৯ টাকার অনুমোদিত বাজেট ঘোষণা করেন তিনি।
নতুন প্রস্তাবিত বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৯১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৪১৩ টাকা।
এছাড়া নতুন বাজেটে সরকারি সাহায্য এবং বিভিন্ন দাতা রাষ্ট্র ও সংস্থা থেকে সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ২৮৯ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা।
অনুদান পাওয়া গেলে নতুন বাজেটে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিসিসির কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা, অর্থ ও সংস্থাপন শাখার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন জেলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসসহ কর্পোরেশনের বিদায়ী ও নব নির্বাচিত কাউন্সিলর, কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
