২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাটার বিক্রয়কর্মী নিহত

সিলেটে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জুতা তৈরির কোম্পানি বাটার এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

নিহত রকিবুল ইসলাম রাজীব বাটার দক্ষিণ সুরমা শাখায় কাজ করতেন।

তিনি জামালপুরের বকশিগঞ্জ থানার সরদারপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে।

রাজীব এক সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কর্মী ছিলেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজীব তার সহকর্মী খোরশেদ আলমকে নিয়ে রিকশায় করে ডাচ-বাংলা ব্যাংকের সিলেট শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন।

বারুদখানা এলাকায় দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে তাদের গতি রোধ করে রাজীবের বুকে ছুরিকাঘাত করে ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি নাসির উদ্দিন।

তিনি জানান, সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মৃত্যু হয়। খোরশেদ ঘটনার সময় লাফ দিয়ে দূরে সরে যাওয়ায় তার কিছু  হয়নি।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে জানান ওসি।