ইউনূসকে নিষিদ্ধের দাবি ইসলামী দলের
সমকামীদের পক্ষে বিবৃতি দিয়ে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস `ইসলামবিরোধী' অবস্থান নিয়েছেন দাবি করে তাকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে একটি ইসলামী সংগঠন।
বিধি ভেঙে কর অব্যাহতি নেয়াসহ বিভিন্ন অভিযোগে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়ার দুদিন পর বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ইসলামী ঐক্য মঞ্চ।
মঞ্চের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী বলেন, “ড. ইউনূসের এলজিবিটিআই মতবাদ সরাসরি কুরআন, মানবতা ও সব ধর্মের বিরোধী। তিনি এ ধর্মবিরোধী মতবাদ সমর্থন এবং বিশ্বব্যাপী এর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।”
ধর্ম অবমাননার অপরাধে বাংলাদেশের আইন অনুযায়ী মুহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার ও শাস্তি দেয়ার দাবি জানান মাওলানা বিক্রমপুরী।
২০১২ সালের জুন মাসে ইউনূস ও শিরিন এবাদিসহ চার নোবেলজয়ী এক বিবৃতিতে উগান্ডায় সমকামিতাকে ‘উৎসাহ’ দেয়ার অভিযোগ তুলে ৩৮টি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করার বিরোধিতা করেন।
ওই বিবৃতি নিয়ে এক বছরের বেশি সময় পর সম্প্রতি প্রতিক্রিয়া দেখায় ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ নামে একটি সংগঠন। এখন ইসলামী ঐক্য মঞ্চও একই দাবি তুলেছে।
মাসউদুর রহমান বিক্রমপুরী বলেন, “সালমান রুশদী ও ইরানের শিরিন এবাদির মতো ইউনূসকেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা
সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর গাজীপুরে, ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে, ২৩ সেপ্টেম্বর নরসিংদীতে, ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জে এবং ২৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে ইসলামী ঐক্য মঞ্চ।
এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে মতবিনিময় সভা করবে তারা।
এর মধ্যে ইউনূসকে গ্রেপ্তার করা না হলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও ইউনূস সেন্টার ঘেরাওয়ের হুমকিও দিয়েছে সংগঠনটি।
আর সরকার সমাবেশের অনুমতি না দিলে সচিবালয় ঘেরাও করা হবে, বলেন মাসউদ বিক্রমপুরী।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মুফতি রেজাউল হক, ভাইস চেয়ারম্যান খলিফা মোহাম্মদ নুর উদ্দিন, কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
