আন্দোলনে ফরমের দাম কমল ২৫ টাকা
কয়েকটি ছাত্র সংগঠনের দাবির মুখে ভর্তি ফরমের দাম মাত্র ২৫ টাকা কমিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার প্রত্যেক ইউনিটের ভর্তি কমিটির সভাপতিদের বৈঠকে ফরমের দাম কমানোর সিদ্ধান্ত হয়।
“সিদ্ধান্ত অনুসারে ভর্তি ফরমের দাম ৫০০ টাকা থেকে কমিয়ে ৪৭৫ টাকা করা হয়েছে।”
এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের শামিল।”
জোটগতভাবে বসে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
চলতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
