রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াত নেতা তাসনিমের বিচার শুরু
রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমসহ দুই নেতার বিচার শুরুর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৮ অক্টোবর দিন রেখেছেন বিচারক।
অভিযোগ গঠনের আগে দুই আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযোগ গঠনের শুনানির জন্য তাসনিমকে সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। আর জামিনে থাকা জসীমও আদালতে উপস্থিত হন।
গতবছর ১৭ ডিসেম্বর রাজধানীর উত্তরার বাসা থেকে সন্দেহভাজন হিসেবে তাসনিমকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব-১। ওই বাসা থেকেই গ্রেপ্তার করা হয় জসীমকে। তাদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করার পাশাপাশি আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ, দেশে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর উত্তরার ওই বাসায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন তারা।
যুদ্ধাপরাধের রায় অকার্যকর করাসহ দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির পাশাপাশি প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্কের অবনতি, জাতিগত বিভেদ ও দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রচারপত্র বিলি করেন।
দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে তারা এসব কর্মকাণ্ড চালান বলে অভিযোগ জামায়াতের এই দুই নেতার বিরুদ্ধে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু মিয়া গত ১৩ মে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন।
