২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা: সাক্ষ্য দিলেন জবি নিবন্ধক

দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (ডেপুটি রেজিস্ট্রার) রেজাউল করিমসহ আরো দুই জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

জবানবন্দি দেয়া অপরজন হলেন, ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী সৈয়দ শাহীন আরা লাইলী।

মামলাটির তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা চার্জশিটভুক্ত ১২ জন ছাত্রের কাগজপত্র চাইলে ডেপুটি রেজিস্ট্রার রেজাউল করিম তা সরবরাহ করেছিলেন।

ওই সম্পর্কেই তিনি সাক্ষ্য দিয়েছেন বলে আদালতের পিপি এসএম রফিকুল ইসলাম জানিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ১২ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।

মামলাটিতে এ পর্যন্ত ৬০ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

এর আগে কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। কারাগাওে  থাকা ৮ জনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গত ২ জুন এ মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন বিশ্বজিৎ দাশ। ওইদিন রাতেই অজ্ঞাতপরিচয়ের ২৫ জন আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ।