২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অপহরণ চেষ্টায় ছাত্রলীগ নেতা জেলে

যশোরে আদালত এলাকা থেকে যৌতুক মামলার এক আসামিকে অপহরণের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে জেলা ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 09:34 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার দুপুরে এ ঘটনার সময় যৌতুক মামলার বাদীকেও আটক করে জেলে পাঠানো হয়েছে।

এরা হচ্ছেন- জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক রয়েল এবং মামলার বাদী জোবাইদা নার্গিস।

আদালত পুলিশের পরিদর্শক ছয়রুদ্দিন আহমেদ জানান, ২০০২ সালে শহরের বকচর এলাকার বাসিন্দা এস এম শহিদুল ইসলামের সঙ্গে শহরের ষষ্টীতলা এলাকার জোবাইদা নার্গিসের বিয়ে হয়।

২০১১ সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। একই বছর জোবাইদা নার্গিস বাদী হয়ে  আদালতে শহিদুল ইসলামকে আসামি করে যৌতুক মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে শহিদুল তার আট বছরের মেয়ে জেবা ফারিয়াকে নিয়ে আদালতে হাজিরা দিতে আসে।

এ সময় জোবাইদা নার্গিস, রয়েলসহ চার যুবক তাদের প্রথমে মারধর ও পরে অপহরণের চেষ্টা চালায় বলে জানান পরিদর্শক ছয়রুদ্দিন।

তিনি জানান, এ সময় শহিদুল ও তার মেয়ের চিৎকারে পুলিশ সেখানে গিয়ে রয়েল ও জোবাইদাকে আটক করে।

পরে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় বলে জানান পরিদর্শক ছয়রুদ্দিন।

শহিদুল ইসলামের আইনজীবী শাহিনা খানম জানান, এ বিষয়ে আদালতে অপহরণ চেষ্টার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, রয়েলের বিরুদ্ধে সংগঠন বিরোধী নানা অভিযোগ রয়েছে। তাকে বহিষ্কার করার চিন্তাভাবনা চলছে।