প্রতিমন্ত্রীকে ‘হুমকিদাতা’ যুবক গ্রেপ্তার
পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের কাছে চাঁদা দাবি করে ‘হুমকি’ দেয়ার অভিযোগে মো. তুহিন মীরা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিমন্ত্রীর মৌখিক অভিযোগের ভিক্তিতে সোমবার রাতে পটুয়াখালীর শান্তিবাগের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে তুহিন মন্ত্রীর কাছে চাঁদা দাবি বা প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, একটি টেন্ডার ছিনতাই হওয়ার বিষয় তিনি মন্ত্রীকে জানিয়েছিলেন।
সোমবার সকালে এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
তুহিন গ্রেপ্তারের পর জেলা পুলিশ সুপারের নির্দেশে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে সোমবার রাতে তার বিরুদ্ধে একটি মামলা করেন।
মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুহিনের মোবাইল নম্বর ট্র্যাক করে গ্রেপ্তার করা হয়েছে।
“জিজ্ঞাসাবাদে তুহিন প্রতিমন্ত্রীকে দুইবার মোবাইল করার কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।”
তুহিন সদর থানায় সাংবাদিকদের জানান, সেইড দ্যা চিলড্রেনের একটি কাজের জন্য তিনি টেন্ডারে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিমন্ত্রীর লোকজন সেই টেন্ডার ছিনতাই করে নিয়ে যান।
“এ বিষয়ে অভিযোগ করার জন্যই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মোবাইলে কল করি এবং তার হস্তক্ষেপ কামনা করি। প্রতিমন্ত্রী কোন গুরুত্ব না দিয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করে ফোন কেটে দেন।
“পরে আমি আবার ফোন করে তাকে বলি, আর তো কয়েকদিন, তারপরেই আপনার মন্ত্রীত্ব চলে যাবে, তারপর আপনি আবার মাহাবুব হয়ে যাবেন তখন আমাকে কী করবেন? এতে ক্ষিপ্ত হয়েই প্রতিমন্ত্রী আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আনেন।”
তুহিনের দাবি, তার সঙ্গে মন্ত্রীর কথোপকথনের রেকর্ড যেন অনুসন্ধান করা হয়। আর তা হলেই প্রকৃত রহস্য বের হবে।
প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে না চেয়ে বলেন, “আমি প্রশাসনের কাছে অভিযোগ করেছি, আর আমি এখন একটি মিটিং এ ব্যস্ত আছি।”
