২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা প্রচলিত আইনে’

‘অনিয়ম’ চূড়ান্তভাবে চিহ্নিত হলে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার নগরীর ওয়াসা মোড়ে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অনিয়ম হয়েছে। অনিয়ম যদি চূড়ান্তভাবে চিহ্নিত হয়, তবে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।”

ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিধি লঙ্ঘন করে কর অব্যাহতি সুবিধা নেয়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়।

এরপর এনবিআর চেয়ারম্যান জানান, কর সংক্রান্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এজন্য গ্রামীণ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

গোলাম হোসেন বলেন, “ড. ইউনূস একজন পাবলিক সার্ভেন্ট ছিলেন। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে বিদেশে যাওয়া ও উপহার নেয়ার ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক। তিনি কোনো অনুমতি নেননি।”

এনবিআর ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সে হিসেবে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের কাছে দায়বদ্ধ।

“তাই আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ।”

সরকারের শেষ সময়ে ইউনূসের বিষয়ে প্রতিবেদন দেয়া সম্পর্কে জানতে চাইলে গোলাম হোসেন বলেন, উচ্চ আদালতের রায়ের পর তিনি পদ ছাড়েন। ওই রায়ে বলা আছে, ৯৯ সালের পরবর্তী সময় তার কাজ করার অবৈধ। তাই রায়ের পরই এ বিষয়ে খোঁজ নেয়া শুরু হয়।

এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব গোলাম হোসেন অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের বন্ড কমিশনারেটের কর্মকর্তাদের আইন ও প্রশাসনিক বিষয়ে শিথিলতা না দেখানোর পরামর্শ দেন।

চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন এনবিআর সদস্য মো. ফিরোজ শাহ্ আলম ও মো. নাছির উদ্দিন।