২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীর ভাই খালার বাসায়

সস্ত্রীক নিহত পুলিশ কর্মকর্তার ছোট ছেলে ঐহী রহমান ঢাকায় তার এক খালার কাছে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বাবা-মা হত্যার অভিযোগে সাত বছর বয়সী শিশুটির বড় বোন ঐশী রহমান এখন কারাগারে।

ঐহীর এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে হঠাৎ ঘুম ভেঙে বাচ্চাটি বাবা মায়ের কথা জানতে চায় মাঝে মাঝে।

বাবা-মা খুনের খবর এখনো শিশুটিকে দেয়া হয়নি বলে জানান তিনি।

বাচ্চাটি তার বড় বোন ঐশীকেও খোঁজেন মাঝে মাঝে।

পুলিশ হেফাজত থেকে ২৫ অগাস্ট উত্তরায় খালার বাসায় নিয়ে যাওয়া হয় শিশুটিকে।

১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ভাড়া বাড়িতে সন্ত্রীক খুন হন পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম।

বাবা-মা খুন হওয়ার পর পুলিশ সদস্যদের কাছে ছিল ঐহী। খালার কাছে দেয়ার পর একবার গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয় তাকে।

আগামী ২১ সেপ্টেম্বর তার জন্মদিন। এদিন তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হতে পারে। 

ঐহী রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির ওই আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা-মা খুনের ঘটনা যেন ছোট্ট এ বাচ্চাটিকে প্রভাবিত করতে না পারে, সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে; তাকে যেন ভবিষ্যতে কোনো ধরনের সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয় সেজন্য তাকে নিজ বাড়িতে রেখেছেন তার খালু।”

তিনি বলেন, “পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে ঐহী যেখানে থাকতে চায় তাকে সেখানেই থাকতে দেয়া উচিত হবে।”

কখনো টিভি দেখে, কখনো খালাতো ভাইয়ের সঙ্গে খেলাধুলা করে, আর কখনো বা ঘুমিয়ে সময় যায় শিশুটির।  

খালা বা খালু ছাড়া চাচাও রোজ বাচ্চাটির খবর নেন।

চাচা মশহুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত ঐহী ভালো আছে।”

ঐশীর সাথে এখন তার যোগাযোগ নেই বলে জানান মশহুর।

পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাবা-মা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঐশী রহমান।

২৪ অগাস্ট ঢাকার আদালতে খাস কামরায় জবানবন্দি নেয়ার পর এই কিশোরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী ঐশী তার বাবা ও মায়ের হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের সন্দেহ।  

তবে নিহত মাহফুজের ছোট ভাই এবং এই হত্যাকাণ্ডের মামলার বাদী মশিহুর রহমানের ধারণা, তার ভাই ও ভাবি হত্যাকাণ্ডের মধ্যে অন্য কোনো ‘রহস্য’ রয়েছে।