২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে মিছিল শেষে সমাবেশ করে তারা।

ওই সমাবেশ থেকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোটভুক্ত তিন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ভর্তি আবেদন ফরমের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণ পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার পথকে সংকুচিত করবে সমাবেশ থেকে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাস্তবায়ন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

অবিলম্বে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল সামির, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত জুনায়েদ বক্তব্য দেন।