৩০ হাজার কর্মকর্তার ডাটাবেইজ প্রস্তুত
জন প্রশাসনে কর্মরত ২৮টি ক্যাডারের প্রায় ৩০ হাজার কর্মকর্তার ডাটাবেইজ তৈরি করা হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।
বাকি কর্মকর্তাদের নিবন্ধন শেষ করে দ্রুত এই ডাটাবেইজ তৈরি করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জন প্রশাসন মন্ত্রণালয়।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাটাবেইজ তৈরির কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে কমিটি।
জনপ্রশাসনে কর্মরত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ডাটাবেইজ তৈরির জন্য ২০১১ সালে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলে সংসদীয় কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী এ কাজ শুরু করে মন্ত্রণালয়।
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা যায়, কর্মকর্তাদের ডাটাবেইজ তৈরির জন্য পিএমআইএস সফটওয়্যার তৈরি করা হয়েছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এই সফটওয়্যারে কর্মকর্তাদের নিবন্ধন চলছে। এখন পর্যন্ত ২৯ হাজার ২৭০ জন কর্মকর্তার নিবন্ধন শেস হয়েছে। নিবন্ধন শেষে তথ্য যাচাই করে পরিপূর্ণ ডাটাবিইজ তৈরি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নির্বাচিত সংসদ সদস্যরা যাতে সর্বোচ্চ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন সেজন্য বিদ্যমান আইনে সংশোধনী আনার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. বরকত উল্লাহ বুলু, এইচ এন আশিকুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জাহানারা বেগম অংশ নেন।
