রাবিতে ছাত্রহত্যার প্রতিবাদে মানববন্ধন
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদৎ হোসেন লিটনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে মূল ফটকের সামনে মানববন্ধনে বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ইমিরেটাস ড. অরুণ কুমার বসাক, অধ্যাপক আমিনুল ইসলাম, বিভাগীয় সভাপতি সোমনাথ ভট্টাচার্য, এফ নজরুল ইসলাম, সালেহ হাসান নকিব, লিটনের সহপাঠী হাদি, রাসেল, পলাশ, শারমিন প্রমুখ।
বক্তরা তদন্তপূর্বক দায়ীদের আইনের আওয়তায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
গত শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর তেরখাদিয়া ডাবতলা মোড়ে নির্মাণাধীন একটি ছাত্রাবাসে শাহাদৎ হোসেন লিটনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। রিটন চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর এলাকার লোকমান আলীর ছেলে।
এ ঘটনায় রাজপাড়া থানার উপ-পরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর ঘটনার দিনই আশরাফুজ্জামান ও আবুল হোসেনসহ চারজনকে আটক করা হয়।
