২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি: কমেছে ইউনিট বেড়েছে যোগ্যতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 07:33 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এবারের পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলতি শিক্ষাবর্ষে ইউনিট সংখ্যা কমানো হয়েছে। একইসঙ্গে বেড়েছে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের যোগ্যতাও।

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির বৈঠকে ভর্তির বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়।

“আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে মোবাইল সেবাদাতা টেলিটকের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।”

দীর্ঘদিন ধরেই রাবির ভর্তি পরীক্ষা সংস্কারের দাবি জানাচ্ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার প্রগতিশীল ছাত্রজোট এ দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও দেয়।

উপ-নিবন্ধক এ এইচ এম আসলাম হোসেন জানান, এবার ১৬টি ইউনিটের পরিবর্তে ৮টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ৪৭টি বিভাগে ভর্তি নেয়া হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।

উপ-নিবন্ধক আরো বলেন, এবারের ভর্তির পরীক্ষায় আবেদনের যোগ্যতা গত বছরের চেয়ে দশমিক ২৫ করে বাড়ানো হয়েছে।

“এবার মানবিক শাখার শিক্ষার্থীদের ৭ দশমিক ৭৫, বাণিজ্য শাখায় ৮ দশমিক ২৫ ও বিজ্ঞান শাখায় ৮ দশমিক ৫০ জিপিএ থাকতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ দশমিক ৭৫ থাকতে হবে।”

তিনি বলেন, প্রতিটি ইউনিটে আবেদনের ফি ২৫০ টাকা ও প্রতি বিষয়ের জন্য ৫০ টাকা করে ধরা হয়েছে। 

যেমন- বাণিজ্য অনুষদের অধীনে চারটি বিষয় রয়েছে যার জন্য মোট ফি হবে ৪০০ টাকা। আর আইন অনুষদের অন্তর্ভূক্ত একটি বিষয় রয়েছে যার ফি হবে ২৫০ টাকা।

খুব শিগগির পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ভর্তি আবেদন আহ্বান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন