আদালতের প্রতি অনাস্থা তারেকের আইনজীবীদের
অর্থ পাচারের মামলায় তিনটি আবেদন নাকচ করায় ঢাকার একটি আদালতের প্রতি অনাস্থা জানিয়েছে তারেক রহমানের আইনজীবীরা।
রোববার এই মামলার শুনানিতে তুমুল হট্টগোলের পর খালেদা জিয়ার ছেলের আইনজীবীরা বলেন, এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে তারা উচ্চ আদালতে যাবেন।
এর পরিপ্রেক্ষিতে বিচারক মো. মোতাহার হোসেন বলেন, “এর আগেও আপনারা আবেদন করেছিলেন, আগেও এজলাস ছেড়ে গিয়েছিলেন, আজও যাচ্ছেন। আপনারা যেহেতু অনাস্থা জানিয়েছেন, আপনারা উচ্চ আদালতে যেতে পারেন।”
ঢাকা মহানগর ৩ নম্বর বিশেষ জজ মোতাহারের আদালতে দুদকের দায়ের করা এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলায় তারেকের সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি।
মামলার সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে এসে রোববার তিনটি আবেদন দাখিল করেন আসামি পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম ও মাসুদ আহমেদ তালুকদার।
মামলার সাক্ষী এফবিআই কর্মকর্তা ডেব্রা লেপ্রোভেট, দুদক কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক এবং মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদ ইব্রাহিমকে পুনরায় জেরা করতে অনুমতি চান তারা।
ব্যারিস্টার ফখরুল বলেন, “আমরা এর আগে ডেব্রা এবং তাহসিনুলকে জেরা করার সুযোগ পাইনি। আমরা তাদের রিকল করার আবেদন করেছি।”
আসামি পক্ষের এই আবেদনে রাষ্ট্রপক্ষ তীব্র আপত্তি জানায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, বিচার বাধাগ্রস্ত করতে আসামি পক্ষ বার বার এই ধরনের কাজ করছে।
দুই পক্ষের আইনজীবীদের বদানুবাদে আদালতে হট্টগোল, হৈ চৈ শুরু হয়। এক পর্যায়ে বিচারক আবেদনগুলো নাকচ করে দিলে এজলাস ছেড়ে বেরিয়ে যান আসামি পক্ষের আইনজীবীরা।
যাওয়ার আগে আসামি পক্ষের আইনজীবীরা বিচারককে বলেন, তার ওপর তারা আস্থা হারিয়েছেন। এজন্য উচ্চ আদালতে যাবেন তারা।
বিচারক তখন হাই কোর্টে আবেদন দাখিলের জন্য আসামি পক্ষের আইনজীবীদের সময় দিয়ে শুনানি ২২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।
মাসুদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাই কোর্টে যাওয়া হবে বলে কোনো আবেদন দাখিল করা হয়, তবে নিম্ন আদালত তা মানতে বাধ্য থাকেন।”
রোববার শুনানিতে মামলার বাদী মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন। আসামি মামুনকেও কারাগার থেকে আদা্লতে আনা হয়।
তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। ২০১১ সালের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
২০১১ সালের ৮ আগস্ট তারেকের অনুপস্থিতে মামলার অভিযোগ গঠন হয়। তারেক রয়েছেন লন্ডনে।
