বোমা তৈরিতে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
গোপন আস্তানায় বোমা তৈরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর কোম্পনীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির এ বি এম হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলা সদর বসুরহাটের মর্ডান হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে গত ১৭ অগাস্ট মধ্যরাতে স্থানীয় জামায়াত নেতা মোহাদ্দেছের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ইসমাইল হোসেন সুমন নামে এক জামায়তকর্মী নিহত হয় এবং অজ্ঞাত পরিচয় আরো ৫ জন আহত অবস্থায় পালিয়ে যায়।
এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে করা মামলায় হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ওই মামলায় সিরাজপুর ইউনিয়ন জামায়াতের ৮নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন ও শিবিরকর্মী সামছুদ্দিন মানিককে গ্রেপ্তার দেখানো হয়।
