চট্টগ্রামে দুই স্থানে মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম দুটি স্থানে মহাসড়ক অবরোধে রোববার দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।
সীতাকুণ্ডে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে পাটকল শ্রমিকরা। পটিয়ায় হিউম্যান হলার চালকদের অবরোধে এক ঘণ্টা বন্ধ থাকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস জানান, পাটকল শ্রমিকদের অবরোধে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
বার আউলিয়া এলাকায় হাফিজ জুটমিল, বাঁশবাড়িয়ায় আর আর এবং এমএম জুটমিল, ছোটকুমিরায় গুল আহম্মদ জুট মিল এবং বাড়বকুণ্ডে গালফ্রা হাবিবের শ্রমিকরা অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে। শ্রমিকদের কর্মসূচি শেষ হলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে পুলিশ কর্মকর্তা ইলিয়াস জানান।
আন্দোলনকারী শ্রমিকদের সংগঠন ‘রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের’ আহবায়ক মাহবুবুল আলম জানান, নতুন মজুরি কমিশন অনুযায়ী পাটকল শ্রমিকদের গ্রাচুয়িটি, প্রভিডেন্ড ফান্ডসহ বিভিন্ন বকেয়া ভাতা পরিশোধসহ ১১ দফা দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করে।
এর আগে গত শনিবার মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেন খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকরা।
পটিয়ায় মহাসড়ক অবরোধ হয়েছে উপজেলার শান্তির হাট বাজারে। হিউম্যান হলারগুলোকে শহরে ঢুকতে না দেয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন চালকরা।
পটিয়া থানার এসআই মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকদের অবরোধে সকাল ১১টায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে ১২টার দিকে তাদের তুলে দেয়।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অনেক বাস।
হিউমেন হলার চালকদের অভিযোগ, বাস শ্রমিকরা তাদের শহরে ঢুকতে বাধা দিচ্ছে।
