২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটকালির আড়ালে প্রতারণা, ‘পাত্রী’সহ গ্রেপ্তার ৮

জাতীয় দৈনিকে চটকদার বিজ্ঞাপন: প্রবাসী পাত্রীর পাত্র চাই, কিংবা চাই বিদেশ যেতে আগ্রহী এমন কোনো পাত্র। যোগাযোগ করলে দেখানো হতো ভিসা লাগানো পাসপোর্ট ছাড়াও পাত্রীর ছবি। কাউকে কাউকে সশরীরেও করা হতো হাজির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এমনই ‘ঘটকালি ব্যবসার’ আড়ালে প্রতারণার ফাঁদ পাতা একটি চক্রের আট সদস্যকে শনিবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

‘ম্যারেজ মিডিয়া’ নামে ওই প্রতিষ্ঠানটি থেকে গ্রেপ্তারদের মধ্যে চার জনই নারী।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বাড্ডার আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- এরশাদ (৩৮), মো. আলমগীর হোসেন ওরফে বাদশা (৩৪), মো. ইকবাল হোসেন (২৮), মো. জাহাঙ্গীর, (৩৩), আসমাউল হুসনা মিশু (২৪), সাদিয়া মিতু (২৭), সায়লা শারমীন (৩৬) ও সালমা (২৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাসুদুর জানান, ডিবির একটি দল শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত শ্যামলী ও আফতাব নগর এলাকায় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আট জন এবং তারা পুলিশকে জানিয়েছে অভিযান চলাকালে তাদের পাঁচ সঙ্গী পালিয়ে গেছেন।

পলাতকরা হলেন, ইরানী, মুন্নি, তিশা, সাগর ও মিজান। 

পুলিশের উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তাররা ওই বাড়ির নিচতলায় ভুয়া ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠান পরিচালনা করতো। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ‘প্রবাসী পাত্রীর জন্য পাত্র চাই’, ‘বিদেশে যেতে আগ্রহী এমন সৎ পাত্র চাই’, ‘বিদেশে বসবাসকারী পাত্রীর জন্য সুপাত্র চাই’ উল্লেখ করে নজরকাড়া বিজ্ঞাপন ছাপিয়ে বিদেশে যেতে ইচ্ছুকদের আকৃষ্ট করতো।

আগ্রহী পাত্র ও তার পরিবারের সদস্যদের কাছে এই নারীদের পরিচয় করিয়ে দেয়া হত প্রবাসী পাত্রী হিসেবে। পাত্রপক্ষের বিশ্বাস অর্জন করতে ‘প্রতারকরা’ অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক হিসেবে এই নারীদের ছবি লাগানো জাল পাসপোর্টও দেখাতো।

আফতাবনগরের ওই বাসা থেকে প্রচুর নিকাহনামা, নোটারি পাবলিকের স্ট্যাম্প, পাত্রীদের বিভিন্ন ধরনের ছবি উদ্ধার করেছে গোয়েন্দারা।