২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ট্রেনে আগুন: ৫ নিরাপত্তাকর্মী বরখাস্ত

ঢাকার কমলাপুর স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে আগুন লেগে একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এ ঘটনায় রেলওয়ের চার নিরাপত্তাকর্মী ও একজন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমাডেন্ট জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তব্যে অবহেলার কারণে ওই পাঁচজনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে তাদের পরিচয় জানাতে পারেননি কমাডেন্ট।

রোববার ভোরে সিলেট যাওয়ার জন্য কমলাপুর প্ল্যাটফর্মে দাঁড়ানো পারাবত ট্রেনের একটি বগিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

রেল পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনের ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুনে পারাবত এক্সপ্রেসের ৬১১ নম্বর বাগির কিছু সিট পুড়ে গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে বিড়ি বা সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের রায় আসা শুরু করার পর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, মংমনসিংহসহ বিভিন্ন স্টেশনে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে। অছাড়া বিভিন্ন স্থানে ফিশপ্লেট সরিয়ে ফেলায় দুর্ঘটনায় পড়ে কয়েকটি ট্রেইন।  

এসব ঘটনায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে পুলিশ।