খুলনায় ৭ পাটকলে শ্রমিক বিক্ষোভ
মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে খুলনা অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রোববার বিক্ষোভ করেছে।
রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ মিলের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
মিলগুলো হল খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, দিঘলিয়ার স্টার, আটরা শিল্পাঞ্চলের আলিম, ইস্টার্ন, এবং যশোর শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিল।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলের শ্রমিকরা তাদের পাওনা মজুরির দাবিতে নির্ধারিত সময়ে স্ব স্ব মিলের সামনে বিক্ষোভ মিছিল করেছে। এ মিছিলে প্রায় ৪০ হাজার শ্রমিক অংশগ্রহণ করেছেন বলে দাবি করেন তিনি।
আন্দোলনরত শ্রমিকরা জানান, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের বর্ধিত হারে শ্রমিকদের তৃতীয় কিস্তির টাকা চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) কর্তৃপক্ষ।
নির্ধারিত তারিখে বিজেএমসি সেই অর্থ শ্রমিকদের পরিশোধ করতে ব্যর্থ হলে শ্রমিকরা রাজপথে নামেন।
এ পরিস্থিতিতে এ অঞ্চলের রাষ্ট্রায়ত্ত এই সাত পাটকলের সিবিএ নেতাদের ঢাকায় ডেকে আলোচনায় বসে বিজেএমসি কর্তৃপক্ষ।
ওই বৈঠকে ৩১ অগাস্টের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু ওই নির্ধারিত তারিখে বিজেএমসি শ্রমিকদের পাওনা তৃতীয় কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়।
এরপর আবারও সিবিএ নেতারদের সঙ্গে বৈঠকে বসে বিজেএমসি কর্তৃপক্ষ। ওই সময় ৫ সেপ্টেম্বর নতুন তারিখ দেয়া হয়। সে প্রতিশ্রুতিও রক্ষা করতে পরেনি বিজেএমসি।
