২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ ধর্মঘট অব্যাহত

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে লঞ্চ অব্যাহত ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে প্রথম দফায় ১১ দিন ধর্মঘট করেন লঞ্চ মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এই রুটে চলাচলকারী ৮৬ টি লঞ্চের মধ্যে ৩১টির রুট পারমিট পুনর্বহালের দাবিতে শনিবার বিকাল ৫টা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেন মালিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিক সমিতির দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে বারবার লঞ্চ ধর্মঘট হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।  

কোনো কোনো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে পদ্মা নদী পার হচ্ছেন। ফেরি, ট্রলার কিংবা স্পিড বোটে তারা পদ্মা পাড়ি দিচ্ছেন।

লঞ্চ মালিক সমিতির নেতারা বলছেন, সমস্যার কার্যকর সমাধান না হলে এবারের ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

যাত্রী পরিবহন সংস্থা ও মাওয়া জোনের সহসভাপতি লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সঙ্গে গত ২ সেপ্টেম্বর রোববার রাতে মালিক পক্ষের সাথে বৈঠক হয়। এতে মালিকদের আশ্বাস দেয়া হয় যে লঞ্চগুলোর রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত শিথিল করা হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কিন্তু এরপরও বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইনসপেক্টর ওই ৩১টি লঞ্চ চলতে বাধার সৃষ্টি করে। এর প্রতিবাদে এবং রুট পারমিট পুনর্বহালের দাবিতে এই ধর্মঘট শুরু হয়।

লঞ্চ মালিক সমিতির যুগ্ন সম্পাদক আব্দুর রউফ বলেন, কর্তৃপক্ষ ৩১টি লঞ্চে সনদধারী মাস্টার না থাকার অভিযোগে রুট পারমিট স্থগিত রাখে। অথচ লঞ্চগুলোর প্রত্যেক মাস্টারেরই সনদ রয়েছে।

“আমরা রুট পারমিট পুনরায় পাওয়ার জন্য আবেদন করি এবং শনিবার এই অনুমোদন দেয়ার কথা ছিল। অথচ কর্তপক্ষ শনিবার বিকালে ৩১টি লঞ্চের চলাচলে অনুমতি দেয়া হবে না বলে জানায়। এ কারণে মালিকরা শনিবার বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে।”

“কর্তৃপক্ষ ৩১টি লঞ্চের রুট পারমিট পুনরায় দিলে আমরা লঞ্চ চলাচল শুরু করব,” বলেন তিনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্ভে করে লঞ্চগুলোতে যেসব ত্রুটি দেখা গেছে তা নিরসেরনের জন্য বলা হয়েছে মালিকদের।

“জানমালের স্বার্থে এসব ত্রুটি দূর করেই রুট পারমিট বহাল করা হবে,” বলেন সামসুদ্দোহা।

আগামী ২/১ দিনের মধ্যেই এ রুটে নতুন লঞ্চ প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানান।

এর আগে এই রুটে ‘এমভি শাহ পরান’ নামের নতুন একটি লঞ্চ চালু করাকে কেন্দ্র করে ১১ দিন বন্ধ থাকার পর ২ সেপ্টেম্বর থেকে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু ছয় দিনের মাথায় শনিবার আবার বন্ধ হয়ে যায়।