‘অক্টোবরে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজ’
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ আগামী ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে পাবনার সার্কিট হাউজে সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
রাশিয়ার আর্থিক এবং কারিগরি সহায়তায় পাঁচ হাজার ৪৮ কোটি টাকা ব্যায়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপদনের ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
গত ২ এপ্রিল বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ একনেকে অনুমোদন পায়। ২৭ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী বিদুৎ কেন্দ্রের নির্মাণসহ অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা করবে রাশিয়া। এছাড়া দীর্ঘ মেয়াদি জ্বালানি সহায়তা ও বর্জ ফেরত নিবে তারা।
মতবিনিময় সভায় ইয়াফেস ওসমান জানান, এ প্রকল্পে জন নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের সর্বাধুনিক ফোর জি প্রযুক্তি ব্যবহার এবং পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হচ্ছে।
প্রকল্পের দুইশ’ মিটার দূরেই মানুষ বসবাস করতে পারবে বলেও জানান তিনি।
২০১৩-১৪ অর্থ বছরে এই প্রকল্পের জন্যে ৩২২ কোটি ৬৪ লাখ টাকা বাংলাদেশ সরকার বরাদ্দ রেখেছে। এর মধ্যে ৭০ কোটি ৪০ লাখ টাকা ইতোমধ্যে খরচ করা হয়েছে।
এদিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাশিয়া ও বাংলাদেশের ৩০ সদস্যের একটি যৌথ সমীক্ষা দল শুক্রবার ও শনিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
