২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল-ছাত্রশিবিরের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 11:02 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুন-উর-রশিদ আসকরীকে আহ্বায়ক করে গঠন করা ছয় সদস্যের তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন ভূইয়া, অধ্যাপক মো. গোলাম মওলা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মাহবুবর রহমান ও প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঠিক তদন্ত শেষে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সকালে বাসের সিটে বসা নিয়ে ছাত্রদলের দুই কর্মীর সঙ্গে ছাত্রলীগের এক নেতার কথা কাটাকাটির জের ধরে দুই সংগঠনের কর্মীদের মধ্যে শনিবার সংঘর্ষ শুরু হয়। পরে তাতে যোগ দেয় শিবিরকর্মীরা।

সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকালে নিবন্ধক মসলেম উদ্দিন বাদি হয়ে ইবি থানায় একটি মামলা  দায়ের করেছেন।

ছাত্রদল ও শিবিরের অজ্ঞাতনামা ৩/৪শ’ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়।