না’গঞ্জে ‘অবহেলায়’ মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘অবহেলা ও ভুল’ চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
গত ৩০ অগাস্ট হাসপাতালে ভর্তির পর গৃহবধূ বিউটি আক্তারের মৃত্যু হয়।
এর নয়দিনের মাথায় শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজারে মজিনা জেনারেল হাসপাতালে এ ভঙচুরের ঘটনা ঘটে।
নিহত বিউটি আক্তারের স্বামী আলমগীর হোসেন বাবু বলেন, ৩০ অগাস্ট শুক্রবার তার সন্তানসম্ভবা স্ত্রী বিউটিকে মুড়াপাড়া মজিনা হাসপাতালে ভর্তি করান।
“অস্ত্রোপচারের জন্র চিকিৎসক অজ্ঞান করার ইনজেকশন দেয়ার পরপরই তার মৃত্যু হয়,” বলেন আলমগীর।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান মিয়া বলেন, বিউটির মৃত্যুর ঘটনায় শনিবার দুপুরে এলাকার লোকজন হাসপাতালে ভাঙচুর করেছে।
এক পর্যায়ে তারা হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী রূপসী-কাঞ্চন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।
হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনোপক্ষই অভিযোগ করেনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
