বিএনপি নেতা খুন: দলের ৫৪ জন আসামি
বিএনপির কর্মীসভায় দুগ্রুপের সংঘর্ষে মৎস্যজীবী দল নেতা নিহতের ঘটনায় দলের ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে পুলিশ সাত জনকে আটক করেছে।
শুক্রবার রাতে নিহত জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের মা ফাতেমা খাতুন মামলাটি করেন সাতক্ষীরা সদর থানায়।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মীসভায় দুদলের সংঘর্ষে আমানের মৃত্যু হয়।
শনিবার দুদফা নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বিকালে তাকে দাফন করা হয়।
এদিকে এ ঘটনায় জেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে কেন্দ্র।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির জেলা সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, যুবদল সভাপতি আব্দুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা শাহ মো. কামরুজ্জামান কামু, যুবদল নেতা মানিক, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট, পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, শাহিনুজ্জামান, কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চু, আশরাফ হোসেন, দলের শ্যামনগর উপজেলা সভাপতি অহেদুজ্জামান, আশাশুনি উপজেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া আটক সাত জন হলেন আশাশুনি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাদিক আনোয়ার ছট্টু, সদরের আনোয়ার হোসেন, কামরুজ্জামান বাবু, আনোয়ারুল ইসলাম, আনোয়ার, তহিদুজ্জামান ও গোলাম মোস্তফা বাবু।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন খুলনা মহানগর বিএনপি সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পৌর মেয়র এম এ জলিলসহ দলীয় নেতাকর্মী।
পরে বিকালে পুরাতন সাতক্ষীরায় পল্লী মঙ্গল স্কুল মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবরিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় সংর্ঘষে আমানউল্লাহ আমানসহ (৪৪) সাত জন আহত হন। বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আমান শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার প্রয়াত আজিজার রহমানের ছেলে। তার দুই সন্তান রয়েছে।
