বরগুনা উপ-নির্বাচন: ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র বাছাই শেষে সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরু ও বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুস সোবাহানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন
এর ফলে প্রার্থী রইলেন আওয়ামী লীগের শওকত হাচানুর রহমান রিমন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম সরোয়ার হিরু।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, বাছাইয়ে ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের দেয়া তথ্যে অসংখ্য ভুল রয়েছে।
তিনি বলেন, “হিরু মনোনয়নপত্রের ফরমে চারটি তথ্য দেননি, যারমধ্যে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা; তার কোনো ঋণ আছে কিনা, থাকলে পরিশোধ করেছেন কিনা; নির্বাচনের ব্যয় কিভাবে করবেন এসব উল্লেখ নেই।
হেলাল উদ্দিন বলেন, মো. আবদুস সোবাহান মনোনয়নপত্রের ফরমে ২ হাজার ৫ জন ভোটারের নাম ও স্বাক্ষর উল্লেখ করলেও ভোটারদের কোনো ক্রমিক নম্বর উল্লেখ করেননি।
এছাড়া তিনি প্রতিমাসে ১০ হাজার টাকা আয়ের কথা উল্লেখ করলেও নির্বাচনী খরচ দেখিয়েছেন আড়াই লাখ টাকা। বাকি টাকা তিনি কোথা থেকে পাবেন, তা উল্লেখ করেননি বলেও জানান তিনি।
মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে হুমায়ুন কবির হিরুর সঙ্গে কথা বলা যায়নি।
তবে, মো. আবদুস সোবাহান অভিযোগ করেন, অহেতুক তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।
এদিকে বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের সঙ্গে সঙ্গে ভোট দেয়া থেকে বিরত থাকবে বলেও জানিয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, তারা ভোটও দেবেন না এবং নির্বাচনে তাদের কোনো নেতাকর্মী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাকেও দল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন তিনি।
২৬ জুলাই ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলু নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।
২৬ অগাস্ট এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর ভোট হওয়ার কথা রয়েছে।
