সম্পত্তি না দেয়ায় বাবাকে খুন
জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তি খুন হয়েছে।
চন্দনাইশ থানার ওসি মো. খালেদ হোসেন জানান, উপজেলার দক্ষিণ কাঞ্চননগরের হিন্দুপাড়ায় শুক্রবার রাতের এ ঘটনায় নিহত হন শশধর দাশ মজুমদার (৬৫)।
এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শশধরের ছেলে সঞ্জীব মজুমদার পলাতক রয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে বাইরে থেকে তালা দেয়া ঘর ভেঙে শশধর দাশের লাশ উদ্ধার করা।
“তাকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। এছাড়া মাথায় দায়ের কোপও রয়েছে।”
স্বজনদের বরাত দিয়ে খালেদ হোসেন জানান, দ্বিতীয় বিয়ে করে টেকনাফে আলাদা থাকতেন শশধর। এ নিয়ে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল।
দু’দিন আগে শশধর টেকনাফ থেকে চন্দনাইশের বাড়িতে আসেন। সেখানে বসবাস করতেন সঞ্জীব। তার আরেক ছেলে থাকেন সীতাকুণ্ডে।
নিজের জমিজমার কিছু অংশ ছোট ছেলেকে দিলেও বড় ছেলে সঞ্জীবকে তিনি কিছুই দেননি বলে পুলিশ কর্মকর্তা খালেদা জানান।
ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
