২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভার পরিদর্শনে রাষ্ট্রপতি

‘মেয়র মোহাম্মদ হানিফ (গুলিস্তান-যাত্রাবাড়ী) ফ্লাইওভারের’ নির্মাণকাজ পরিদর্শন করে এ মাসের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার বিকালে তিনি ওই ফ্লাইওভারের কাজ দেখতে যান।

এ সময় নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টরা রাষ্ট্রপতিকে জানান, ২৩ সেপ্টেম্বরের মধ্যেই এই ফ্লাইওভারের কাজ শেষ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

রাষ্ট্রপতি তাদের ফ্লাইওভারের নিচের রাস্তাটি শিগগিরই ঠিক করারও নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, “আমি শুধু রাষ্ট্রপতি নই, দেশের একজন নাগরিকও। এই ফ্লাইওভারের সঙ্গে বঙ্গবভনও সম্পৃক্ত। তাই একজন নাগরিক হিসেবে আমি কাজের অগ্রগতি দেখতে এসেছি।”

এক পর্যায়ে অন্য বিষয়ে প্রশ্ন করার অনুমতি চেয়ে একজন সাংবাদিক জানতে চান- সংসদ অধিবেশন শেষ হলে পরবর্তীতে কী হবে? রাষ্ট্রপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, “কী রাজনীতির আলাপ? আমি রাজনীতি করি না।”

অন্যদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ফখরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেন, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান ও ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার। দেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের অঙ্গ সংস্থা বেলহাসা-একম অ্যান্ড এসোসিয়েটস লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করছে।

বিওওটি পদ্ধতিতে সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পটিকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পভুক্ত করা হয়েছে।

চার লেন-বিশিষ্ট এ ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে প্রায় নয় কিলোমিটার। এতে ছয়টি প্রবেশ ও সাতটি বের হওয়ার পথসহ ১৩টি র‌্যাম্প থাকছে।

২০১০ সালের ২২ জুন প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে শুরু হয়ে পলাশী মোড় পর্যন্ত সম্প্রসারিত হবে। পলাশী থেকে শুরু করে গুলিস্তান পার্ক, বঙ্গভবন ও রাজধানী সুপার মার্কেট হয়ে শহীদ ড. ফজলে রাব্বি রোড দিয়ে টিকাটুলী-হাটখোলা রোডে মিলিত হয়ে সায়েদাবাদের অতীশ দীপংকর রোড এবং সায়দাবাদ খাল সেতু পার হয়ে একপ্রান্ত যাত্রাবাড়ীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এবং অপর প্রান্ত শনির আখড়ায় শেষ হবে।