সিরাজগঞ্জে ৭ ‘অ্যানথ্রাক্স রোগী’ সনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারী ও শিশুসহ সাত অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
হাতে ঘা দেখে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা এদের প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স বলে সনাক্ত করেন বলে জাজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল বাতেন।
এদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিরাময় ইন্সটিটিউটের (আইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ও বৃহস্পতিবার সনাক্ত সাত জনের দেহে অ্যানথ্রাক্স সংক্রমণ তারা নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন কৈজুরী ইউনিয়নের চরকৈজুরি গ্রামের মঞ্জুয়ারা খাতুন (২৫), সোনেকা খাতুন (১১), বিলকিস খাতুন (২২), সুফিয়া খাতুন (২৫), টুকু প্রামানিক (৩২), আরিফুল ইসলাম (১০) ও শফিকুল ইসলাম (৩০)।
ডা. আব্দুল বাতেন বলেন, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা বুধবার বিকালে চরকৈজুরী গ্রামের টুকু প্রমানিকের বাড়ি গিয়ে তার হাতে ঘা দেখে প্রাথমিকভাবে সেটিকে অ্যানথ্রাক্স হিসেবে শনাক্ত করেন।
পরদিন (বৃহস্পতিবার) মাঠকর্মীরা একই গ্রামের আরও ছয় ব্যক্তির হাতে একই ধরনের ঘা দেখতে পেয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের চিকিৎসাপত্র দেয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই বলেন, গত ২৫ অগাস্ট চরকৈজুরি গ্রামের মুকুল প্রমানিকের গরুর খামারের একটি গরু অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করে কম দামে প্রতিবেশীদের কাছে বিক্রি করেন।
এ গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ায় ওই মাংস কাটা ও ধোয়া-মোছার সঙ্গে জড়িতরা এ রোগে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
ডা. আব্দুল হাই বলেন, চলতি বছরের মার্চ মাসে ওই গ্রামের সকল গবাদী পশুকে অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। আক্রান্ত গরুটি টিকা কার্যক্রম শেষ হওয়ার পর অন্য কোনো স্থান থেকে কিনে আনা হতে পারে।
