বরিশালে ছাত্রী খুনে মামলা দায়ের, সহপাঠীর ছাত্রত্ব বাতিল
এক ছাত্রীকে হত্যার পর এতে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রকে বহিষ্কার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই ছাত্রীকে হত্যায় জড়িত থাকার সন্দেহে আরেক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলা করেছেন ওই ছাত্রীর মা।
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় হামলার শিকার হন হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদা।
ধারালো অস্ত্রের আঘাতে জখম ওই ছাত্রীকে হেলিকপ্টারে ঢাকায় আনার পরও তাকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের জন্য সাওদার সহপাঠী রাসেল মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাতে কোতোয়ালি থানায় মামলার করেন সাওদার মা সাহিদা বেগম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাওদা হত্যার সঙ্গে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মিয়ার সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনায় জড়িত সন্দেহে রাসেলের ঘনিষ্ঠ বন্ধু ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপুল বাড়ৈকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে বিপুলকেও মামলার আসামি করা হবে বলে ওসি জানান।
রাসেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পাথরঘাটা এলাকার হারুন মিয়ার ছেলে। সাওদার বাড়িও ওই জেলায়, তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
রাসেলের সহপাঠী রাব্বী বলেন, “রাসেল ও সাওদার মধ্যে অনেক আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।”
রাসেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি সাখাওয়াত জানিয়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে সাওদার ওপর হামলা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মেয়ে বাঁচার আকুতি জানিয়ে তাদের ঘরের দরজায় ধাক্কা দেয়। এ সময় তিনি ঘর থেকে বের হয়ে দেখেন একটি ছেলে ধারালো দা দিয়ে মেয়েটির মাথায় ও গলায় কুপিয়ে পালিয়ে যাচ্ছে।
চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪ এর সহকারী নিবন্ধক মো. রুবেল জানান, ধারালো অস্ত্রের হামলায় সাওদার মাথায় গুরুতর জখম হয়। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৫টার দিকে সাওদার মৃত্যু হয় বলে তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক শফিউল আলম জানিয়েছেন।
