আইনজীবী অ্যানরোলমেন্ট: দারুল ইহসানের সব আবেদন খারিজ
বার কাউন্সিলের আইনজীবী অ্যানরোলমেন্ট পরীক্ষায় প্রবেশপত্র চেয়ে করা দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ের সনদধারী আবেদনকারীদের ১০টি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
আবেদনগুলোর প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ খারিজ করে দেয়।
আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট মো. খুরশীদ আলম সরকার, জাফরুল্লাহ চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
মুরাদ রেজা বলেন, রিট আবেদনকারীদের মধ্যে সাভার, আশুলিয়া ও ধানমন্ডি ক্যাম্পাস নিজেদেরকে মূল ক্যাম্পাস দাবি করে তিনটি পৃথক আবেদন ছিল। এর বাইরে আরো সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীরাও একই দাবিতে আবেদন করে।
এর আগে ওই সব আবেদন হাই কোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য নেয়া হয়েছিল। ওই বেঞ্চের একজন বিচারক বিব্রতবোধ করলে সেগুলো প্রধান বিচারপতির দপ্তরে যায়। প্রধান বিচারপতি এই সব আবেদনের শুনানির জন্য এই বেঞ্চ গঠন করে দেন।
অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গত বুধবার বার কাউন্সিলে তালা দেয় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা।
আইন বিষয়ে লেখাপড়া করার পর আইন পেশায় যোগ দিতে হলে অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে বার কাউন্সিলে নিবন্ধিত হতে হয়। আগামী ৬ সেপ্টেম্বর এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আর বুধবার ছিল এই পরীক্ষার প্রবেশপত্র নেয়ার শেষ দিন।
দারুল ইহসানের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যথাযথ ফি দিয়ে আবেদন করেছি। অথচ আমাদের কাউকে প্রবেশপত্র দেয়া হয়নি। কেন দেয়া হচ্ছে না তা কেউ বলছে না।”
এ বিষয়ে বার কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসানের কাছে জানতে চাইলে ওইদিন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরও দারুল ইহসানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। তবে ওরা যে সনদ জমা দেয় তাতে একেক জনের সনদে একেকজনের স্বাক্ষর থাকে। এর ফলে আমরা বিভ্রান্তিতে পড়ছি।”
তিনি বলেন, কোনটি ‘আসল’ দারুল ইহসান বিশ্ববিদ্যালয়- তা জানতে কমিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব এখনও না পাওয়ায় দারুল ইহসানের আবেদেনকারীদের প্রবেশপত্র দেয়া স্থগিত রাখা হয়েছে।
একাধিক পর্ষদের মাধ্যমে পরিচালিত দারুল ইহসানের কোন শাখাটি আসল তা নির্ধারণে হাই কোর্টে কয়েকটি রিট আবেদনও হয়েছে।
