সাভার থানার পাশে ডাকাতি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট
সাভার মডেল থানার পাশে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ডাকাতরা পাঁচশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বুধবার রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার বি-৬৬ দক্ষিণপাড়া মহল্লার ‘শ্রীদাম কুটিরে’ এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতের হামলায় ব্যবসায়ীর পরিবারের চার সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর গভীর রাতে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভূক্তভোগী প্রদীপ কুমার দাস জানান, বুধবার রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যে কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে ডাকাতরা ওই বাড়িতে হানা দেয়।
“কলিং বেল চাপ দিলে গৃহপরিচালিকা দরজা খুলে দেয়। পরে তারা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ঘরের দুটি সিন্দুক ও তিনটি আলমারি ভেঙ্গে ২০০ ভরি স্বর্ণের গহনা, নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়েছে।”
প্রদীপ পূজা উদযাপন কমিটির সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সাভার বাজারের ‘মেসার্স প্রদীপ কুমার দাস’ এর মালিক।
প্রদীপ জানান, তিন ঘণ্টাব্যাপী এ তা-ব চালানোর সময় ডাতকরা তার ছোটভাই দীপকের ঘরেও হানা দেয়।
সাভার বাজারের ‘মেসার্স লক্ষী স্বর্ণঘর’ এর মালিক দীপক কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা দুটি সিন্দুক ও দুটি আলমারি ভেঙ্গে তিনশ’ ভরি স্বর্ণের গহনা ও নগদ এক লাখ টাকা লুটে নিয়েছে।
তিনি বলেন, বাড়ির পাশেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় প্রতি রাতেই দোকান থেকে স্বর্ণালংকার বাড়িতে নিয়ে আসতেন তারা।
এ ঘটনায় আহত প্রদীপের স্ত্রী বিজয়া, দীপক, তার স্ত্রী পূনীমা ও মেয়ে অন্তরাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটির তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ভোরে আবু সুফিয়ান রানা (২৬), সোহেল (২৬), আমিনুল ইসলাম (২৭), আনোয়ার হোসেন (৩৩) সহ পাঁচজনকে আটক করেছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
