২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সব মার্কেট বন্ধ

সিলেটের জিন্দাবাজারে একটি গয়নার মার্কেটে হাতবোমা ফাটিয়ে ডাকাতি ও নিরাপত্তারক্ষী নিহত হওয়ার ঘটনায় সব বিপণীবিতান ও দোকান বন্ধ রেখে ধর্মঘট করছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:23 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

জুয়েলার্স সমিতিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা জিন্দাবাজারে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সোয়া তিনটা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীদের মিছিল থেকে জিন্দাবাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়।

ব্যবসায়ীরা জানান, সকাল থেকে সড়ক অবরোধ করে রাখা হয়। জোহরের পর নিহত নিরাপত্তা প্রহরী বাদশা মিয়ার জানাজা শেষে অবরোধ তুলে নেয়া হয়।

ব্যবসায়ীরা সড়ক বন্ধ রেখে বিক্ষোভ দেখালেও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দেখা যায়নি।

বুধবার রাত ৮টার দিকে নেহার মার্কেট হাতবোমা ফাটিয়ে থেকে কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় নিহত হন নিরাপত্তা রক্ষী বাদশা।

ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে জেলা জুয়েলার্স সমিতি রাতেই ধর্মঘট ডাকে। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের সব গয়নার দোকান বন্ধ রাখা হয়। পরে অন্যান্য ব্যবসায়ীরাও এ আন্দোলনে যোগ দেন এবং শহরের সব বিপণীবিতান ও দোকান বন্ধ করে দেয়া হয়।

ডাকাতির জন্য ব্যবসায়ীরা পুলিশের গাফিলতি এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দায়ী করে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের সময় বেঁধে দিয়েছেন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সিলেট জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ বলেন,  “সিলেটের সব গয়নার দোকান বন্ধ রয়েছে। প্রশাসন ব্যর্থ হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।”

ব্যবসায়ীরা জানান, ৮/১০ জন যুবক মার্কেটের সামনে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি করে। এরপর তারা মার্কেটের সামনের দিকের আল বারাকা জুয়েলার্স, কমলা ভাণ্ডার জুয়েলার্স এবং পরমা জুয়েলার্সে ঢুকে দোকান ভাংচুর এবং গয়না লুট করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।