পদ্মা ও মহানন্দার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে বন্যা
উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা ও মহানন্দার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার লক্ষাধিক বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, পদ্মা ও মহানন্দার পানি বেড়ে ইতোমধ্যে সদর উপজেলার ৮টি ও শিবগঞ্জের ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর, নারায়নপুর, অনুপনগর ও নারায়ণপুর; এছাড়া মহারাজপুর ও বারোঘরিয়া ইউনিয়নের কিছু অংশ এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর, মনাকষা, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, শাহবাজপুর ও উজিরপুর ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে।
জেলা প্রশাসক বলেন, “ইতোমধ্যে সদর উপজেলার ২৩ হাজার ৫১৮ জন এবং শিবগঞ্জ উপজেলার ২০ হাজার বন্যা দুর্গতের তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে শুকনো খাবার, মোমবাতি, খাবার স্যালাইন, সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।”
এছাড়া পানিবন্দি মানুষের জন্য ২টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ বন্যার্তদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান জানান, বৃহস্পতিবার পদ্মায় বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং মহানন্দায় ১৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলার বিভিন্ন স্থানের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হাজার ৮৪৩ হেক্টর জমির আউশ ধান ও ৫৩০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
