২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর পরমাণু কেন্দ্রের কাজ শুরু অক্টোবরে

দেশের প্রথম পরমাণু কেন্দ্রের কাজ আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

রাশিয়ার সহযোগিতায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র নির্মিত হচ্ছে পাবনার রূপপুরে।

বুধবার সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে সহায়তা করবে। এছাড়া দীর্ঘ মেয়াদে জ্বালানি সরবরাহ এবং ব্যবহৃত জ্বালানি ফেরত নেবে রাশিয়া।

গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় সমরাস্ত্র কেনা ও পারমানণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে ১২ হাজার কোটি টাকা পেতে তিনটি ঋণ চুক্তি সই হয়।

এর মধ্যে সেনা ও বিমান বাহিনীর সমরাস্ত্র কেনার জন্য প্রায় ৮ হাজার কোটি ঋণ নেয়া হবে। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আরো ৪ হাজার কোটি টাকার ঋণ নেয়া হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, সব অস্ত্র ও যন্ত্রপাতি রাশিয়া থেকে কিনতে হবে।

সংসদীয় কমিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের কাজ একনেকে অনুমোদিত হয়।

প্রকল্পের মোট ব্যয় ৫ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৮৭ কোটি টাকা।

২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই প্রকল্পের জন্য ৪২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ ছিল।

পরমাণু কেন্দ্র নির্মাণে গত ২৭ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম চুক্তি সই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সফল হলে দেশের দক্ষিণাঞ্চলেও একই ধরনের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।